Category: রাজনীতি

  • র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি এখনো অধরা

    র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি এখনো অধরা

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুর। এক সময় যা পরিচিত ছিল এক ‘অপ্রবেশযোগ্য স্বতন্ত্র রাজ্য’ হিসেবে। পাহাড় কেটে অবৈধ বসতি, ভূমি দখল এবং সন্ত্রাসী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্যের এই জনপদ এখন প্রশাসনের কঠোর নজরদারিতে। তবে গত ১৯ জানুয়ারি এই এলাকায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়ার শাহাদাতবরণের ঘটনাটি পুরো রাষ্ট্রকে নাড়া দিয়েছে। ঘটনার মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিনসহ মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
    সেই রাতের ভয়াবহতা ও র‍্যাব কর্মকর্তার শাহাদাত
    গত ১৯ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি দল আলীনগর এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায়। ওই সময় চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে সশস্ত্র বাহিনী রামদা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় আরও তিন র‍্যাব সদস্য আহত হন এবং কয়েকজনকে সাময়িকভাবে অপহরণ করা হলেও পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
    অপরাধের স্বর্গরাজ্য ও দুই গোষ্ঠীর দ্বন্দ্ব
    অনুসন্ধানে জানা যায়, প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড় জুড়ে বিস্তৃত এই এলাকায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। নব্বইয়ের দশকে কুখ্যাত সন্ত্রাসী আলী আক্কাসের হাত ধরে এখানে পাহাড় দখল ও প্লট বাণিজ্যের শুরু হয়। আক্কাস নিহত হওয়ার পর এলাকাটি ইয়াসিন মিয়া এবং রোকন মেম্বারের নেতৃত্বে দুটি সশস্ত্র গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখানে পাহাড় কেটে অবৈধ প্লট বাণিজ্য ও বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। এমনকি সরকারি উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া ও প্রশাসনের ওপর হামলার একাধিক রেকর্ড রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
    যৌথ বাহিনীর ‘চিরুনি অভিযান’ ও বর্তমান পরিস্থিতি
    র‍্যাব কর্মকর্তা হত্যার পর জঙ্গল সলিমপুরে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ধরনের যৌথ অভিযান শুরু হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ প্রায় ৩ হাজার ১৮৩ জন সদস্য এই অভিযানে অংশ নেন। ড্রোনের সহায়তা ও হেলিকপ্টার টহল দিয়ে চালানো এই ‘চিরুনি অভিযানে’ এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, পাইপগান, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম।
    বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে দুটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে যেখানে প্রায় ৩৬০ জন সশস্ত্র সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে মিয়ানমারে ব্যবহৃত গুলির অস্তিত্ব পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
    বিচারপ্রার্থী পরিবার ও প্রশাসনের অঙ্গীকার
    নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। অন্যদিকে, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে এবং রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অভিযান অব্যাহত থাকবে। ২০ বছর পর এই এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হলেও সাধারণ মানুষের দাবি—মূল পরিকল্পনাকারী ইয়াসিন ও রোকন মেম্বারকে দ্রুত আইনের আওতায় এনে এই জনপদকে চিরতরে নিরাপদ করা হোক।
  • ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাস্কর্য, নতুন বিতর্ক

    ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাস্কর্য, নতুন বিতর্ক

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্যকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিকের প্রেমিক যুগল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা এক শিল্পীগোষ্ঠী এই ভাস্কর্যটি তৈরি করেছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘টাইটানিক’-এর একটি পরিচিত দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকর্মটি নির্মাণ করা হয়েছে।

    ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের আদলে তৈরি একটি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে। এটি চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রের বিখ্যাত দৃশ্যের অনুকরণে তৈরি।

    শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের নজরে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে একটি ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং গোপন আঁকা ছবির প্রসঙ্গ তুলে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।

    এ ছাড়া ভাস্কর্যটির সামনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের দিকে সারিবদ্ধভাবে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি ব্যবহার করা হয়েছে এবং একটি স্লোগানও দেওয়া হয়েছে। ব্যানারগুলোতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীক রাখা হলেও ‘বিচার’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

    জানা গেছে, এর আগেও একই শিল্পীগোষ্ঠী ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ন্যাশনাল মলে আরও দুটি শিল্পকর্ম স্থাপন করেছিল। এর একটি ছিল এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার অনুলিপি এবং অন্যটিতে দুজনকে হাত ধরে থাকা অবস্থায় দেখানো হয়েছিল।

    শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেছে বলে জানা গেছে। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন সেখানে থাকবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আহত ৪

    দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আহত ৪

    সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের গণমাধ্যম কার্যালয়।

    সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া ঘানার দুইজন নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন।

    ঘটনাটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ঘটেছে। তবে হামলার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার ফলে বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশের এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

  • মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে: ইরান

    মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানির স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে: ইরান

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বাড়তে থাকায় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস ও অবকাঠামোকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ শিরোনামের ওই তালিকায় মধ্যপ্রাচ্যে পরিচালিত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সেবা, ডেটা সেন্টার এবং উন্নয়ন কেন্দ্রের কথা উল্লেখ করা হয়েছে।

    এতে আরও বলা হয়, আঞ্চলিক সংঘাত যখন ধীরে ধীরে অবকাঠামোকে কেন্দ্র করে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও বাড়ছে। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী বেশ কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল এবং প্লান্টির টেকনোলজিস।

    প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে—বিশেষ করে দুবাই ও আবুধাবিতে অবস্থিত অফিস ও অবকাঠামোর কথাও উল্লেখ করা হয়েছে।

    এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যের কিছু কৌশলগত স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল। গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ডেটা সেন্টারে ড্রোন হামলার কথাও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের আরও দুটি স্থাপনায় ড্রোন হামলার দাবি করা হয়েছিল।

  • রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

    রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।”

    বুধবার জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    বৈঠক প্রসঙ্গে তাহের জানান, আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের এজেন্ডা নিয়ে সেখানে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি এবং কার্যপ্রণালি সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

    স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে।

    তিনি আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, সেটি তাদের কাছে স্পষ্ট নয়। তবে এ বিষয়ে দলটি কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

  • ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘ হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

    ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘ হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত কয়েক মাস ধরে চলতে থাকলে ইউরোপের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো।

    এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি দামের ধাক্কা ইউরোপের প্রায় সব অর্থনৈতিক খাতে প্রভাব ফেলবে। কারণ ইউরোপের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই জ্বালানির ওপর নির্ভরশীল।

    রোজনোর মতে, ইউরোপের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি থেকে—যার মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা। এসব জ্বালানির দাম বেড়ে গেলে সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন শিল্পখাতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতির ওপরও পড়বে।

    তিনি আরও বলেন, এর ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।

    রোজনোর মতে, কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসানে বড় ভূমিকা রাখতে পারে।

    তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি ইউরোপ কতটা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, সেটিও স্পষ্ট করে তুলছে।

  • প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে পটভূমি করে প্রবাস জীবনের প্রতারণা, বিশ্বাস ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। প্রবাসে একজন যুবকের জীবনে ঘটে যাওয়া একাধিক প্রতারণার ঘটনা ঘিরেই এগিয়েছে এই টেলিছবির কাহিনি।

    গল্পে দেখা যায়, এক যুবক দেশ থেকে নিজের স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসেন। কিন্তু আলো ঝলমলে শহরে এসে সেই স্ত্রী ধীরে ধীরে স্বামীর সঙ্গে প্রতারণার পথে হাঁটে। অন্যদিকে আরেকটি গল্পে দেখা যায়, একজন প্রবাসী বন্ধু নতুন করে আসা আরেক বন্ধুকে সহযোগিতা করছেন—তাকে হাতে–কলমে ব্যবসা শেখাচ্ছেন এবং কঠিন প্রবাস জীবনে কীভাবে টিকে থাকতে হয় তা বোঝাচ্ছেন।

    প্রবাস জীবনে কখন কে প্রতারণা করবে কিংবা কে কৃতজ্ঞতা দেখাবে—এমন অনিশ্চয়তার বাস্তবতাই টেলিছবিতে তুলে ধরেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

    ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢালিউড অভিনেত্রী অধরা খান। আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া।

    টেলিছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এমদাদ এইচ ভূঁইয়াকে। আর এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

    অভিনয় প্রসঙ্গে এমদাদ এইচ ভূঁইয়া বলেন, মানুষের জীবনের কিছু ঘটনা মনে গভীর ছাপ রেখে যায়। সেই বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি হওয়ায় এই টেলিছবিতে অভিনয় করতে গিয়ে অনেক সময় মনে হয়নি তিনি অভিনয় করছেন।

    ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’—এই ট্যাগলাইন নিয়ে নির্মিত টেলিছবিটির পুরো শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন স্থানে।

    এমদাদ এইচ ভূঁইয়া প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসার সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রাজুর বেড়ে ওঠা সিলেটে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

  • স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

    স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

    দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

    বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় কিংবা জাতীয়—সব ধরনের নির্বাচন নিজস্ব নিয়ম অনুযায়ী সময়মতো এবং সুষ্ঠুভাবে আয়োজন করা গণতান্ত্রিক রীতি ও রাজনৈতিক সংস্কৃতির অংশ।

    গাজী আতাউর রহমান বলেন, ভোট নিয়ে কারসাজির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে সব নির্বাচন আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

    তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার দলীয় প্রস্তুতির অভাবের কারণে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন করতে অনীহা দেখাচ্ছে এবং বিভিন্ন স্থানে দলীয় লোকজনকে প্রশাসক হিসেবে নিয়োগের চেষ্টা করছে।

    তার ভাষায়, অতীতেও স্বৈরাচারী শাসনব্যবস্থা নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে নানা কৌশল অবলম্বন করত। দলীয় স্বার্থে নির্বাচনের সময় পেছানো সেই ধরনের ফ্যাসিবাদী প্রবণতারই বহিঃপ্রকাশ।

    তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সতর্ক করে বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ সময় যুক্ত থাকার পর এখন দলের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করা এবং অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া সমালোচনার জন্ম দিচ্ছে।

    গাজী আতাউর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে গণতন্ত্র ও মানুষের ক্ষমতায়নের বিপক্ষে অবস্থান নেওয়া উচিত নয়। তিনি কোনো ধরনের কৌশল বা বিলম্ব ছাড়াই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন সময়মতো আয়োজনের দাবি জানিয়ে এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছে।

  • শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের নেত্রী নিপু

    শেরপুর–জামালপুর সংরক্ষিত নারী আসনে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের নেত্রী নিপু

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর–জামালপুর অঞ্চলের সংরক্ষিত নারী সংসদীয় আসনেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপু

    দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তিনি বেশ পরিচিত ও গ্রহণযোগ্য বলে জানা যায়।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেসব নেত্রীর নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে পারভেছুন নাহার নিপুর নামও গুরুত্ব পাচ্ছে। তবে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

    এ বিষয়ে পারভেছুন নাহার নিপু বলেন, দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে শেরপুর ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে নারী ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পরিকল্পনার কথা জানান তিনি।

    তিনি আরও বলেন, শেরপুর জেলায় এখনো অনেক উন্নয়ন সম্ভাবনা রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং নারী ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে। সে ক্ষেত্রে তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত নেত্রীদের মূল্যায়ন করা হলে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

    এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর ও জামালপুরের রাজনৈতিক অঙ্গনও ক্রমেই সক্রিয় হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থী ও নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন কার ভাগ্যে জোটে, তা নিয়েই এখন সবার নজর।

  • ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে অসহায় মানুষের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

    ময়মনসিংহে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন

    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

    প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনেক নিম্নআয়ের পরিবার দৈনন্দিন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ঈদের সময় তাদের পাশে দাঁড়াতে পারলে সেটাই সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। ভবিষ্যতেও বিএনপি মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

    ঈদ উপহার পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।