জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দিতে সম্মিলিত প্রতিরক্ষামূলক উদ্যোগের পক্ষে আনা একটি প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর মুখে বাতিল হয়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।
ভোটাভুটিতে পরিষদের ১১টি দেশ প্রস্তাবের পক্ষে মত দিলেও পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার ফলে প্রস্তাবটি আর পাস হয়নি। নিয়ম অনুযায়ী, স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি দেশের ভেটোই একটি প্রস্তাব আটকে দিতে পারে।
প্রস্তাবটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলে এবং একাধিকবার সংশোধন করা হয়। শুরুতে এতে জাতিসংঘের ‘চ্যাপ্টার সেভেন’-এর আওতায় সামরিক শক্তি ব্যবহারের সুযোগ রাখা হলেও পরে তা বাদ দেওয়া হয়। চূড়ান্ত খসড়ায় কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপকে জোরালোভাবে উৎসাহিত করার বিষয়টি রাখা হয়েছিল।
বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। ভোটের আগে তিনি বলেন, এই প্রস্তাব নতুন কোনো পরিস্থিতি তৈরি করার জন্য নয়, বরং ইরানের চলমান বৈরী আচরণের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এটি আনা হয়েছে।
রাশিয়া ও চীনের ভেটোর ফলে প্রস্তাবটি বাতিল হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক ঐকমত্যের অভাব আবারও স্পষ্ট হয়ে উঠেছে।