নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তীব্র বাকবিতণ্ডার জেরে এক ট্রাকচালক পাম্প ম্যানেজারকে ট্রাক দিয়ে চাপা দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা। আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পাম্পের কর্মচারীদের দাবি, ট্রাকচালক সুজাত তেল নিতে এসে তেল না পেয়ে ক্ষিপ্ত হয়ে ম্যানেজারকে প্রকাশ্যে হুমকি দেয়। পরে কিছুক্ষণ পর ট্রাক ঘুরিয়ে এনে নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।