যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ছুরিকাঘাতের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর দিয়েছে এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টাকোমার উত্তর-পশ্চিমে কী পেনিনসুলা এলাকায় একটি বাড়ির বাইরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, সকাল ৮টা ৪১ মিনিটে তারা জরুরি কল পান এবং দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কর্মকর্তারা পৌঁছানোর আগেই সকাল সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন ব্যক্তি বাড়ির বাইরে কয়েকজনের ওপর ছুরিকাঘাত শুরু করেন। প্রথম ডেপুটি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন মিনিট সময় নেন। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও বিবৃতি অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়।
ছুরিকাঘাতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
ঘটনার তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম। এখনো পর্যন্ত নিহত ও সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যে বাড়ির সামনে হামলার ঘটনা ঘটেছে সেটি এমন এক নারীর বলে ধারণা করা হচ্ছে, যিনি তার ছেলের বিরুদ্ধে এক বছরের সুরক্ষা আদেশের আবেদন করেছিলেন। আদালতের নথি অনুযায়ী, তিনি অভিযোগ করেন তার ছেলে তাকে হুমকি দিতেন এবং মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি মানসিক নির্যাতন ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানাতে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।