ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী,সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তিনি।
স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।