ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে-এমন জল্পনা একেবারেই উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। তারা স্পষ্ট করে জানিয়েছে, সাম্প্রতিক কোনো বক্তব্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের হাতে আরও কিছু শক্তিশালী সামরিক বিকল্প রয়েছে, যেগুলো এখনো প্রয়োগ করা হয়নি। তার এই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
বিশেষ করে, কিছু পোস্টে দাবি করা হয়-ভ্যান্সের বক্তব্যে নাকি পারমাণবিক হামলার ইঙ্গিত রয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কড়া ভাষায় জানায়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো আভাস “একেবারেই নেই”।
হোয়াইট হাউস আরও অভিযোগ করে, একটি রাজনৈতিক অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। ওই পোস্টে দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারে-যা পুরোপুরি ভিত্তিহীন বলে জানানো হয়।
এদিকে, আন্তর্জাতিক মহলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে উদ্বেগ থাকলেও, পারমাণবিক হামলার সম্ভাবনা আপাতত নাকচ করে পরিস্থিতি কিছুটা শান্ত করার বার্তা দিয়েছে ওয়াশিংটন।