ঢাকার সাভারে দীর্ঘদিন ধরে জমি দখল, মারধর, মিথ্যা মামলা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ ফারুক হোসেন (৫০) নামে এক চতুর প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ সুপারের দৃঢ় ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।
জানা গেছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার সরাসরি তদারকিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর পাঁচ আনী এলাকার মোঃ মাইনুদ্দিনের ছেলে।