পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি বিয়েবাড়িতে গেটের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। বরপক্ষের অভিযোগ, এই ঘটনায় তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে ২৬ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে, উপজেলার ৬নং বাঁশবাড়ী ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে।
আহতদের মধ্যে রয়েছেন বরপক্ষের বরের ছোট ভাই রাসেল মল্লিক (২৫), মামা শফিক হাওলাদার (২৬), মামাতো ভাই শাকিল হোসেন (১৬) এবং কনেপক্ষের কনের মামা জামাল হাওলাদার (৪০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিয়েবাড়ির গেটে টাকা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে একজন নারীর ওপর লাঠি চালানোর ঘটনা সংঘর্ষকে আরও উত্তপ্ত করে। আহতদের মধ্যে চারজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
কনের বাবা সাগর মিয়া জানান, পাঁচ মাস আগে বিয়ে সম্পন্ন হয়। নির্ধারিত তারিখে কনেকে বরপক্ষের বাড়িতে নেওয়ার সময় গেটের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি সংঘর্ষে রূপ নেয়। তিনি দাবি করেন, কনেপক্ষ থেকে কাউকে মারধর করা হয়নি। বরপক্ষের বড় ভাই হারুনার রশিদ মল্লিক অভিযোগ করেন, কনেপক্ষের হামলায় বাড়ির আসবাবপত্র ভাঙচুর হয়েছে এবং নগদ প্রায় দুই লাখ টাকা লুট হয়েছে।
উভয় পক্ষই পারিবারিকভাবে মীমাংসার আশাবাদ ব্যক্ত করেছেন। দশমিনা থানার কর্মকর্তা (ওসি) ইমাম মেহেদী জানিয়েছেন, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।